প্রশ্ন: আমি একটি কোম্পানির সেলার ৷ কোম্পানীর প্রোডাক্ট সেল দিতে আমাকে অনেক দূর -দূরান্তে যেতে হয় ৷ এখন আমার প্রশ্ন হল, কতটুকু পরিমাণ দ...
প্রশ্ন: আমি একটি কোম্পানির সেলার ৷ কোম্পানীর প্রোডাক্ট সেল দিতে আমাকে অনেক দূর -দূরান্তে যেতে হয় ৷ এখন আমার প্রশ্ন হল, কতটুকু পরিমাণ দূরত্বে যাওয়ার ইচ্ছা করলে মুসাফির বলে গণ্য হয় এবং মুসাফির অবস্থায় রোজা রাখা আবশ্যক কি -না? সফর অবস্থায় রোজার মাসায়েল সমূহ বিস্তারিত জানালে উপকৃত হতাম ৷
উত্তর:
যদি কোন ব্যক্তি বসবাসের জায়গা থেকে কমপক্ষে 48 মাইল দূরে যাওয়ার ইচ্ছা করে, (অর্থাৎ সফরের দূরত্বের পরিমাণ যদি কমপক্ষে 48 মাইল বা তার চেয়ে বেশি হয়) তাহলে নিজ শহরের সীমানা অতিক্রম করার পর উক্ত ব্যক্তি মুসাফির বলে গণ্য হবে ৷ এখন চাইলে সে রোজা রাখতেও পারে, কিংবা ছেড়ে দিতে পারে ৷ কিন্তু তখন রোজা না রাখলে পরবর্তিতে কাযা করে নেওয়া আবশ্যক ৷
মুসাফিরের জন্য সফর অবস্থায় রোজা রাখা আবশ্যক নয় ৷ তবে যদি মুসাফিরের কষ্ট -ক্লেশ না হয়, তাহলে সফর অবস্থায় রোজা রাখা উত্তম ৷ যাতেকরে পরবর্তিতে কাযা করার কষ্ট না পোহাতে হয় ৷
আর যদি সফরের দূরত্ব 48 মাইলের কম হয়, তাহলে উক্ত অবস্থায় রোজা রাখা আবশ্যক ৷
✔ যতদিন পর্যন্ত সফরে থাকে এবং মুকিম হওয়ার নিয়্যত না করে থাকে ততদিন পর্যন্ত রোজা না রাখার অবকাশ রয়েছে; কিন্তু যখন মুকিম হবে তখন কাযা করে নেওয়া আবশ্যক ৷
✔মুসাফির যদি কোথাও পনের দিন বা তার চেয়ে বেশিদিন অবস্থান করার নিয়ত করে,তখন তার রোজা ছেড়ে দেওয়ার কোন অবকাশ নেই ৷বরং রোজা রাখা আবশ্যক ৷ কেননা উক্ত ব্যক্তি এখন আর মুসাফির নেই ৷
✔ যে ব্যক্তি সুবহে সাদিকের সময় সফরে না থাকে, বরং মুকিম থাকে, উক্ত ব্যক্তির জন্য কিছুতেই রোযা ছেড়ে দেওয়া জায়েয হবে না ৷ যদিও দিনের বেলা সফর করার পাকা -পোক্ত ইচ্ছা থাকে ৷
✔ যদি কোন মুসাফির ব্যক্তি সূর্য পশ্চিম আকাশে ঢলার পূর্বেই মুকীম হয়ে যায় এবং এখনও পর্যন্ত রোজা ভঙ্গ হওয়ার কোন কাজ না করে থাকে, তাহলে উক্ত ব্যক্তির জন্য রোজা রেখে দেওয়া আবশ্যক ৷ তখন রোজা ভাঙবেনা ৷ কিন্তু যদি রোজা নষ্ট করে ফেলে, তাহলে শুধুমাত্র কাযা আবশ্যক হবে, কাফফারা নয় ৷
«প্রমাণপঞ্জি:»
★সুরা বাকারাহ: আয়াত: 184
★ফাতাওয়া শামী: 2/421,423,431 (এইচ,এম,সাঈদ)
★রোযে কি মাসায়েল কা ইনসাইক্লোপিডিয়া: 122, 177 ৷
★আল -বাহরুর রায়েক: 2/282, 289 (সাঈদ) ৷
- «সমাধানে»
- মুফতি হুসাইন আহমাদ
- ইফতা সমাপন: 2016 -17 ইং
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া,
- 312, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা-1204 ৷

মন্তব্য