জীবন গঠনে ব্যক্তির গুরুত্ব: সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ: ৷ সবাই জানেন , আমাদের সমাজ ও বর্তমান জীবন পদ্ধতিতে কোনো না কোনো ত্র...
জীবন গঠনে ব্যক্তির গুরুত্ব: সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ: ৷
সবাই জানেন, আমাদের সমাজ ও বর্তমান জীবন পদ্ধতিতে কোনো না কোনো ত্রুটি অথবা অপূর্ণতা রয়েছে, যার ফলে জীবনের অবকাঠামো সঠিকভাবে বসছেনা ৷ একটি ত্রুটি দূর করলে আরো চারটি ত্রুটির জন্ম নিচ্ছে ৷ আজকের পৃথিবীর বড় বড় রাষ্ট্র ও এ ত্রুটির অনুযোগকারী ৷ তারা অনুমান করতে শুরু করেছে, মূল ভিত্তিতে কোনো ত্রুটি রয়েছে ৷ কিন্তু তারা তাদের ভেতরগত জটিল সমস্যাগুলো থেকেই নিষ্কৃতি পাচ্ছে না ৷
আমরা তাদের এই সমস্যা ও তা থেকে নিষ্কৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথা অস্বীকার করছি না ৷ কিন্তু এসব সমস্যা ও বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবতা ও মনুষ্যত্বের বিবেচনা ৷ কারণ আমাদের প্রথম ও প্রধান পরিচিতি মানুষ হিসেবেই ৷ আর এসব সমস্যা আসে পরবর্তী পর্যায়ে ৷ যাদের হাতে জীবনের বাগডোর, তারা জীবনের গাড়ি এতই দ্রুত চালাচ্ছে যে , এক মিনিটের জন্য তা থামিয়ে ত্রুটি অনুসন্ধান করতে তারা প্রস্তুত নয় ৷ তারা এটা দেখতে চাচ্ছে না যে, তারা সঠিক পথে চলছে নাকি ভুল পথে চলছে ৷ আর এ ত্রুটির ফলে এই গাড়ির যাত্রী কিংবা আগামী প্রজন্মের জন্য ধরনের সমূহ বিপদ সৃষ্টি হতে যাচ্ছে ৷
বরং তাদের ভাবনা হলো সে গাড়িচালক যেন তারাই হতে পারে ৷ তারা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে পৃথিবীতে শুধুমাত্র এই আশ্বাসবাণী উৎকোচ হিসেবে দিচ্চে যে, গাড়ির হেন্ডেল যদি তাদের হাতে থাকে তাহলে সে দ্রুত থেকে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাবে ৷
আমেরিকা ও রাশিয়া সহ প্রত্যেকের দাবি এবং ওয়াদা হচ্ছে, যদি পৃথিবী নামক গাড়িটির চালক সে হতে পারে তাহলে সে তা অন্যের চেয়েও দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাবে ৷ কিন্তু তাদের কেউ এই চলার লক্ষ্য ও গন্তব্য সম্পর্কে আলোচনা করছে না ৷
সংঘবদ্ধতার প্রাধান্যঃ
এবার আমি বলছি ভুল কী এবং কোথায় হচ্ছে? বর্তমানে পৃথিবীতে বড় বড় সংগঠন গড়ে উঠেছে ৷ সাম্প্রতিক সময়ে সংঘবদ্ধতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ প্রতিটি কাজই করা হচ্ছে সংঘবদ্ধতা ও সার্বজনীনভাবে ৷ এই সংঘবদ্ধতা একটি আকর্ষণীয় ও প্রগতিশীল প্রেরণা ৷ কিন্তু ব্যক্তি ও তার যোগ্যতা সকল কাজ ও সংগঠনের ভিত্তি ৷এর গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে কোন যুগেই অস্বীকার করা সম্ভব নয় ৷
বর্তমানকালের বিপজ্জনক ভুলটি হচ্ছে ব্যক্তির গুরুত্ব এবং তার চরিত্র ও যোগ্যতার প্রতি নজর দেয়া হচ্ছে না ৷ ইমারত নির্মাণ করা হচ্ছে কিন্তু যে ইট দ্বারা নির্মিত হচ্ছে, সে ইট কেউ দেখছেনা ৷ যদি কেউ প্রশ্ন করে বসে, তাহলে উত্তর দেয়া হচ্ছে ইটগুলো দুর্বল ও ত্রুটিযুক্ত; কিন্তু প্রাচীর হয়েছে খুব মজবুত ও উন্নত ৷ আমাদের বিষয়টি বুঝে আসেনা যে, ত্রুটিযুক্ত জিনিস মিলে একটি সুস্থ ও সুন্দর সমষ্টি কিভাবে তৈরি হতে পারে? অধিকসংখ্যক ত্রুটি যখন একটি অপরটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন কি অলৌকিকভাবে সেখান থেকে উত্তম কিছু প্রকাশ ঘটে? শত শত অপরাধী ও অত্যাচারী একসঙ্গে মিলে গেলে কি কোন ন্যায় পরায়ন গোষ্ঠী কিংবা একটি ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠান জন্ম হতে পারে? আমরা তো জানি, ফলাফল সবসময় সূচনার অনুগামী হয় এবং সমষ্টি হয় তার প্রতিটি এককের বৈশিষ্ট্যের প্রতিনিধি ও পরিচায়ক ৷
আপনি বিশুদ্ধ দাঁড়িপাল্লা অনুসন্ধান করেছেন ৷ কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার পাথরটি বিশুদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িপাল্লা থাকবে অশুদ্ধ ও ত্রুটিযুক্ত ৷ এটা কেমন যুক্তি ও দর্শন যে, ব্যক্তি গঠনের কোন চিন্তা নেই অথচ একটি উত্তম সমষ্টি ও দলের প্রত্যাশা করা হচ্ছে ৷
অন্যায় উদাসীনতাঃ
বর্তমানে স্কুল-কলেজ গবেষণা প্রতিষ্ঠান, পর্যবেক্ষণাগার বিনোদনকেন্দ্রগুলোতে মানব জীবনের সকল বাস্তব ও কাল্পনিক প্রয়োজন পূরণ করার আয়োজন হচ্ছে ৷ কিন্তু ওই মানুষগুলোকে মানুষরূপে তৈরি করার আয়োজন নিয়ে কোনো চিন্তা - ভাবনা করা হচ্ছে না ৷ তাহলে কি এসব আয়োজন ওই সকল লোকের জন্য, যারা সাপ-বিচ্ছু হয়ে জীবন অতিবাহিত করবে, যাদের মাকসাদে জিন্দেগি অহমিকা ও বিলাসিতা ছাড়া আর কিছু নয় ৷ এ যুগের মানুষেরা অত্যাচার ও অপরাধ সংগঠিতভাবে করে চলছে এবং এক্ষেত্রে তারা হিংস্র জীব জন্তুর চেয়েও বহু দূর এগিয়ে গেছে ৷ সাপ-বিচ্ছু ও বনের বাঘ- সিংহ কি কখনো সঙ্ঘবদ্ধ ও সংগঠিতভাবে মানুষের উপর হামলা চালিয়েছে?
কিন্তু মানুষ তার মত মানুষকে বিনাশ করার জন্য সংগঠন ও প্রতিষ্ঠান করছে এবং সমস্ত দুনিয়া ধ্বংস করার পরিকল্পনা প্রণয়ন করছে ৷
বর্তমানে ব্যক্তির প্রশিক্ষণ, তার চরিত্র গঠন এবং মানবিক গুণাবলী ও নৈতিকতা জন্মানোর প্রতি অন্যায় উদাসীনতা প্রদর্শন করছে ৷ এ কাজকে মনে করা হচ্ছে, সবচেয়ে গুরুত্বহীন ৷ মেশিন বানানোর কারখানা আছে, কাগজ ও কাপড় তৈরীর কত মিল আছে ৷ কিন্তু প্রকৃত মানুষ বানানোর জন্য কি কোন একটি প্রতিষ্ঠান ও প্রশিক্ষণাগার আছে?
আপনি বলবেন এসব বিদ্যাপিঠ, কলেজ ও ইউনিভার্সিটি এগুলো? কিন্তু বেয়াদবি মাফ করবেন, সেখানে মানবতা পুনর্গঠন এবং ব্যক্তির পরিপূর্ণতার প্রতি কতটুকু মনোযোগ দেওয়া হয়?
ইউরোপ ও আমেরিকা কত বিশাল আয়োজন করে এটম বোমা তৈরি করল ৷ যদি এর পরিবর্তে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করতো, তাহলে পৃথিবীর কতইনা উপকার হতো ৷ কিন্তু এ দিকে কারো খেয়াল যায় না ৷
আমাদের গাফলতির জের:
আমাদের ভারত উপমহাদেশে অতীতে বহু কালজয়ী ব্যক্তিত্বের জন্ম হয়েছে ৷ কিন্তু শতাব্দীকাল যাবত এ দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে ৷ আমাদের বলতে হচ্ছে, মুসলমানরাও তাদের শাসনামলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অবহেলা করেছেন ৷ তাদের শাসনকাল যদি খেলাফতে রাশেদার আদর্শে হতো এবং তারা যদি এতদ অঞ্চলের শাসক ও পরিচালক হওয়ার চেয়েও অধিক হতেন এদেশের নৈতিকতার শিক্ষক ও পৃষ্ঠপোষক, তাহলে আজ দেশের নৈতিক অবস্থা এমন হতো না এবং তাদেরকে দেশের শাসন ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হতো না ৷
এরপর ইংরেজ এসেছে ৷ তাদের শাসনটা ছিল স্পঞ্জের মত, যার কাজ হলো গঙ্গার পাড় থেকে সম্পদ চুষে চুষে টেমসের পাড়ে নিয়ে ভিড়ানো ৷ তাদের আমলে এদেশের নৈতিক অধঃপতন কোথায় থেকে কোথায় গিয়ে ঠেকেছে তার কোন ইয়ত্তা নেই ৷
বর্তমানে আমরা স্বাধীনতা লাভ করেছি ৷ আমাদের উচিত ছিল, সর্বপ্রথম ওই মৌলিক বিষয়টির প্রতি নজর দেয়া ৷ ভেবে দেখা উচিত,এ দেশ কি একদিন স্বাধীন ছিল না? এরপর আবার স্বাধীনতার দৌলত থেকে কেন বঞ্চিত হয়েছিল? নিজেদের নৈতিক অধঃপতন ও নৈতিক স্খলন এর জন্যই তো ! কিন্তু আফসোস! সড়ক আর বিদ্যুতের প্রতি যতটুকু মনোযোগ দেওয়া হচ্ছে এতোটুকু মনোযোগ এই মৌলিক বিষয়টির প্রতি নেই ৷
প্রতিটি সংস্কারমূলক কাজের ভিত্তি:
'আশ্রয়দান' ও 'ভূদান' আন্দোলনের যথেষ্ট মূল্যায়ন আমরা করে থাকি ৷ কিন্তু আমরা তো এ বিষয়টি গোপন করতে পারিনা যে, এরও পূর্বে করণীয় ছিল নৈতিক সংশোধন ও বিশুদ্ধ অনুভূতির জাগরণ ৷ আমরা ইতিহাস পাঠে জানতে পারি অনেক প্রাচীন যুগে ভূসম্পত্তি বাধ্য -বাধকতার ভিত্তিতে বণ্টন করা হতো ৷ কোন কোন যুগ তো এমনও অতিবাহিত হয়েছে, যে যুগে বাতাস ও পানির মত ভুসম্পত্তিকেও একটি অতিপ্রয়োজনীয় জিনিস এবং মানুষের অধিকার হিসেবে সাব্যস্ত করা হতো ৷ কিন্তু পরবর্তী সময়ে মানুষের লোভ -লালসা যাদের প্রয়োজন আছে তাদেরকে করেছে বঞ্চিত আর যাদের কোনো প্রয়োজন নেই তাদের বানিয়েছে মালিক ৷
যদি নৈতিকতার অনুভূতি ও মনুষ্যত্বের মর্যাদা জন্ম না নেয়, তাহলে এই আশঙ্কা থেকেই যাবে যে, বন্টনকৃত জমির আবারো কোন দখল হয়ে যাবে এবং অভাবী মানুষ কে উচ্ছেদ করা হবে জমি থেকে ৷ এজন্যই যতক্ষণ পর্যন্ত কথিত অনুভূতির জাগরণ ঘটবে এবং বিবেক ও অন্তর জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এসব প্রয়াসের ফলাফল এবং সমূহ প্রতিশ্রুতির উপর ভরসা করা যায় না ৷
বর্তমানে নৈতিক অধঃপতন চূড়ান্ত সীমা পর্যন্ত ৷ ঘুষ, চোরাকারবারি, প্রতারণা ও অবিশ্বস্ততার কোন কমতি নেই ৷ বরং অভিযোগ হলো, এগুলো কিছুটা বেড়ে গেছে ৷ সম্পদশালী হওয়ার বাসনা উন্মাদনায় রূপান্তর হয়েছে ৷ কেউ নিজের নিজের দায়িত্ব অনুভব করছে না ৷ মানসিক অবস্থাটা হচ্ছে এমন, একজনের ভালো কাজের আড়ালে অন্যজন মন্দ করতে চাচ্ছে ৷
যখন সকলের অবস্থাই এমন হয়ে যাবে, তখন সেই ভালো কাজটি কোত্থেকে আসবে যার আড়ালে মন্দটি লুকিয়ে রাখা যাবে ৷
আমার এক মিশরীয় বন্ধু তার ভাষণে এ প্রসঙ্গে একটি চমৎকার উদাহরণ পেশ করেছেন ৷ তিনি বলেন, একবার এক বাদশা ঘোষণা করলেন, দুধভর্তি একটি পুকুর চাই ৷ রাতে প্রত্যেকেই এক লোটা দুধ এ ঘর্তে ঢালবে এবং সকালে এসে এর মূল্য নিয়ে যাবে ৷ কিন্তু তখন প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে চিন্তা করলো ৷ আমি যদি সবার ফাকে এক লোটা পানি ঢেলে দেই, তাহলে কে জানবে? সবাই তো দুধ ঢালবেই ৷
ঘটনাক্রমে একই ভাবনা সবাই ভাবল এবং অন্যের ভালো কাজ ও বিশ্বস্ততার আড়ালে নিজের মন্দটাকে চালিয়ে দিতে চাইল ৷ সকালে বাদশাহ দেখলেন, সম্পূর্ণ পুকুরটাই পানিতে ভর্তি হয়ে আছে ৷ দুধের কোন চিহ্ন নেই সেখানে ৷
কোন জনপদের অবস্থা যখন এমন হয়ে যায় তখন কেউ সে জনপদকে হেফাজত করতে পারে না ৷
মূল আশঙ্কা:
মনে রাখবেন, এদত অঞ্চলের ধ্বংসের জন্য বাইরের আপাতত কোনো আশঙ্কা নেই ৷ সবচেয়ে বড় আশংকা হচ্ছে, এই নৈতিক অধঃপতন, অপরাধসুলভ মানসিকতা, সম্পদ পূজা ও ভ্রাতৃহনন ৷ প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা কি শত্রুরা ধ্বংস করেছে ? না বরং সেই নৈতিক ব্যধিগুলোই তাদের গ্রাস করেছে, যা ছিল দুরারোগ্য ৷
তাছাড়া বর্তমানে যে কোন একটি দেশের নৈতিক পতন সমস্ত পৃথিবীর জন্যই আশঙ্কার কারণ ৷ পৃথিবী তখনই সুখী ও নিরাপদ হতে পারে যখন প্রতিটি দেশ সুখী ও নিরাপদ হবে ৷
নবী-রাসূলদের কীর্তিগাথা:
পয়গম্বরদের কীর্তি এটাই যে, তারা সৎ মানুষ গঠন করেছেন ৷ খোদাভীরু,মানবপ্রেমিক,সহমর্মী, ন্যায় পরায়ন, সত্যবাদী, হকপন্থী, নিপীড়িতদের সাহায্যকারী ছিলেন তাদের গড়া মানুষ ৷ পৃথিবীর অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা প্রশিক্ষণাগার এমন সৎ লোক জন্ম দিতে পারেনি ৷ নিজের আবিষ্কার উদ্ভাবনের ওপর পৃথিবীর অহংকার আছে, বিজ্ঞানীরা তাদের অবদানের উপর গর্ববোধ করে, কিন্তু আমরা একটু ভেবে দেখছি না, পয়গম্বরদের চেয়ে অধিক মানবতার সেবা আর কেউ কি করেছে? তাদের চেয়েও মূল্যবান বস্তু পৃথিবীকে আর কেউ কি দান করেছে? তারাই তো দুনিয়াকে বাগিচা বানিয়েছেন ৷ তাদের কারণেই পৃথিবী কর্মমুখর হয়ে উঠেছে এবং সকল সম্পদ চিনে নিয়েছে তার ঠিকানা ৷
আজও দুনিয়াতে ভাল কাজের যে প্রবণতা, সততা ও মানবপ্রেম পাওয়া যায় তা পয়গম্বরদেরই প্রচেষ্টা ও তাবলীগের ফসল ৷ বর্তমান পৃথিবীও নিছক আবিষ্কার ও সভ্যতার উন্নয়নের কাঁধে সওয়ার হয়ে চলতে পারে না ৷ বরং আজকের পৃথিবীটাও শুধুমাত্র সেই সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়নতা এবং ভালবাসার উপর প্রতিষ্ঠিত আছে, যার জন্ম দিয়ে গেছেন পয়গম্বরগণ ৷
নবী-রাসুলদের কর্মকৌশল:
পয়গম্বরগণ এই সৎ মানুষ কিভাবে জন্ম দিয়েছেন? এ কথা কম বিস্ময়কর নয় যে, তারা মানুষের হৃদয়ে এমন একটি নতুন বিশ্বাস জন্ম দিয়েছেন, যে বিশ্বাস থেকে দীর্ঘকাল বঞ্চিত থাকার ফলে পৃথিবীর সকল ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছিল এবং মানুষ ও মানুষের সমাজ হিংস্র পশু ও ক্ষমতালিপ্সু জন্তুতে পরিণত হয়েছিল ৷ সে বিশ্বাসটি ছিল — আল্লাহর সত্তা একক, মৃত্যু পরবর্তী জীবন, জবাবদিহির বিশ্বাস এবং এই পয়গম্বরের প্রতি এ বিশ্বাসও তাদের মাঝে প্রোথিত করা হয়েছিল যে, ইনি সত্যবাদী মানুষ, আল্লাহর হক পয়গামের বাহক এবং মানবতার সঠিক পথ প্রদর্শক ৷ এই বিশ্বাস মানুষের কায়া সম্পূর্ণ পাল্টে দিয়েছে এবং তাকে উন্নীত করেছে একটি লাগামহীন জন্তুর স্তর থেকে একজন দায়িত্ববান মানুষে ৷
ইতিহাসের অভিজ্ঞতা:
হাজারো বছরের অভিজ্ঞতা বলে, মানুষ গড়ার জন্য ব্যক্তি গঠনের এই প্রক্রিয়ার চেয়ে বড় কোনো শক্তি নেই ৷ আজকের পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে, বিভিন্ন দল আছে, গোষ্ঠী, সংগঠন ও প্রতিষ্ঠান আছে; কিন্তু সৎ ও যোগ্য ব্যক্তি নেই ৷ পৃথিবীর বাজারে এ বস্তুরই অভাব সর্বাধিক ৷ আশঙ্কাজনক বিষয় হচ্ছে, এক্ষেত্রে প্রস্তুতি গ্রহণের কোনো ভাবনাও নেই ৷
সত্যি করে জিজ্ঞেস করলে বলতে হবে, এ বিষয়ে প্রস্তুতির প্রচেষ্টাও যে দু-একটা হচ্ছে তাতেও যথার্থ পথটি বেছে নেওয়া হচ্ছে না ৷ এর পথ শুধুমাত্র একটিই আর তাহলো, আবারও বিশ্বাস জন্মানো ৷ মানুষকে মানুষ বানানো ছাড়া অপরাধ বন্ধ হতে পারে না ৷ আপনি একটি চোরাপথ বন্ধ করবেন দশটি চোরাপথ খুলে যাবে ৷ আফসোসের বিষয় হচ্ছে, এই মৌলিক কাজের প্রতি যাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, যাদের মনোযোগ প্রভাব পড়ে, অন্য সমস্যার কারণে তারা সুযোগ পায় না ৷ তারা যদি এদিকে মনোযোগ দিতেন তাহলে এর ফলে সমগ্র জীবনাচারেই তার প্রভাব ছড়িয়ে পড়তো এবং যেসব সমস্যা থেকে নিষ্কৃতির জন্য ভিন্ন ভিন্ন প্রচেষ্টা চালানোর পরও আশাব্যঞ্জক কোন ফলাফল দেখা যাচ্ছে না, সেসব রহস্য -সমস্যা থেকেও সকলের উত্তোরণ ঘটতো এবং নিষ্কৃতি মিলতো ৷

মন্তব্য