মেরাজ রজনীতে বিভিন্ন আকাশে পুর্ববর্তী নবী - রাসুলদের সাথে সাক্ষাৎ : এবং তার রহস্য আমাদের অনেকেরই জানা আছে যে , মেরাজ রজ...
আমাদের অনেকেরই জানা আছে যে,মেরাজ রজনীতে কয়েকজন নবী -রাসুলের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু কী ইশারা ছিল? সেটা আমাদের অনেকেরই অজানা৷
আজকের এই পোষ্টে আলোচনা করবো নবী -রাসুলদের সাক্ষাতের দ্বারা রাসুলকে কিসের ইঙ্গিত করা হয়েছিল?
বিভিন্ন আকাশে যে কজন নবী রাসুলের সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল তাতে ইশারা ছিল যে, সে সব নবী -রাসুলের জীবনে উল্লেখযোগ্য যে সকল অবস্থা ও পরিস্থিতির সৃষ্টি হয়ে ছিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সে সকল অবস্থা ও পরিস্থিতির উদ্ভব হবে ৷
এমনি ধরনের কথা স্বপ্নের ব্যখ্যাকারগণও বলে থাকেন ৷ তারা বলেন, যদি কেউ স্বপ্নে কোন নবীকে দেখে তাহলে ঐ নবীর জীবনের উল্লেখযোগ্য ঘটনা স্বপ্নদর্শকের জীবনেও ঘটবে ৷
এবার আসি কোন আসমানে কোন নবীর সাক্ষাত হয়ে ছিল এবং কি হিকমত ছিল?
প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাত পান হযরত আদম আ: এর ৷ তিনি মানব জাতির প্রথম রাসুল ও নবী ধারার প্রথম ব্যক্তি৷ তাই তার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত হয় প্রথম আসমানে ৷ এ সাক্ষাতে ইশারা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রতি ৷ অর্থাৎ যেমন এক শত্রুর শত্রুতার দরুন আদম আ: আকাশ ও জান্নাত থেকে মধ্য জগতে হিজরত করতে বাধ্য হন, তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদীনায় হিজরত করতে বাধ্য হবেন ৷ আদম আ: এর অন্তরে যেরূপ আদি নিবাস ছেড়ে আসার কষ্ট ছিল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরেও সেরূপ কষ্ট হবে ৷
দ্বিতীয় আকাশে দেখা হয় হযরত ঈসা ও হযরত ইয়াহয়া আ: এর সাথে ৷
হযরত ঈসা আ: ও ইয়াহয়া আ: এর সাথে নবী কারীম সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই সাক্ষাতের দ্বারা ইশারা করা হয়েছে যে, ইয়াহুদীরা হুজুর সা: কে নানাভাবে কষ্ট দেবে, হত্যার ষড়যন্ত্র করবে, সদাসর্বদা বিরক্তি ও ক্ষতির কারণ ঘটবে ৷ কিন্তু হযরত ঈসা আ: এর সাথে যেমন এ সকল ধারায় চেষ্টা চালিয়েও তারা কোন ক্ষতি করতে পারেনি, আল্লাহ তায়ালা তাদের যাবতীয় অনিষ্ট হতে হযরত ঈসা আ: কে হেফাজত করেছেন তেমনি রাসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও ইয়াহুদীরা নানাভাবে ক্ষতি সাধনের অপতৎপরতা চালালেও তারা কখনই কোনটিতে সফল হবে না, বরং আল্লাহ তায়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লামকে হেফাজত করবেন ৷
তৃতীয় আকাশে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাত হয় হযরত ইউসুফ আ: এর সাথে ৷
এ সাক্ষাতে ইশারা ছিল হযরত ইউসুফ আ: কে যেমন তার ভাইয়েরা কষ্ট দিয়েছে, তেমনি হুজুর সা: কেও তার ভাই -বেরাদার আত্মীয় -স্বজন নানাভাবে কষ্ট দিবে ৷ কিন্তু হযরত ইউসুফ আ: যেমন শেষ পর্যন্ত ভাইদের বিপরীতে ভালো অবস্থানে চলে আসেন এবং ভাইদের ক্ষমা করে দিয়েছেন, তেমনি নবীজি সা: ও প্রথম জিবনে যাদের দ্বারা কষ্ট পাবেন তারা পরাজিত হবে এবং ক্ষমার ভিখারী হবে, সেদিন তিনিও তাদেরকে ক্ষমা করে দিবেন
বাস্তবে তাই হয়েছে, দেখা যায়, মক্কা বিজয়ের দিন রাসুলে খোদা সা: কুরাইশী ভাইদেরকে ঠিক ঐ ভাষাতেই ক্ষমা করে দেন যে ভাষায় ইউসুফ আ: তার ভাইদের ক্ষমা করে করেছিলেন ৷ ইউসুফ আ: তার ভাইদেরকে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই ৷
একইভাবে হুজুর সা: ও মক্কাবাসীদেরকে বলেছিলেন যাও তোমরা সকলে মুক্ত ৷
হযরত ইউসুফ আ: এর সাথে সামঞ্জস্যের আরও একটি দিক রয়েছে ৷ তা হল, উম্মতে মুহাম্মদী যখন জান্নাতে যাবে তখন তাদের প্রত্যকেই হযরত ইউসুফ আ: আকৃতি ও সৌন্দর্যে ভূষিত হবে ৷
চতুর্থ আকাশে হযরত ঈদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতে ইশারা ছিল এই যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বিভিন্ন রাজা-বাদশাদের নামে দাওয়াতি পত্র পাঠাবেন ৷
কেননা লিখুন শাস্ত্রের প্রবর্তক হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ৷ তাছাড়া হযরত ঈদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন আমি তাকে সুউচ্চ ও সমুন্নত করব ৷
তাই তার সাথে সাক্ষাতের দ্বারা এদিকে ইশারা করা হয়েছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও আল্লাহতালা উচ্চ মর্যাদা ও প্রকৃত সম্মান দান করবেন ৷
ইতিহাস আলোচনা করলে দেখা যায়, হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমের বাদশা এর নামে চিঠি পাঠালেন, বাদশাহ সে চিঠি পেয়ে শ্রদ্ধা ও ভক্তিতে আপ্লুত হয়ে গেল ৷
পঞ্চম আকাশে হযরত হারুন আলাইস সালাম এর সাথে সাক্ষাতে ইশারা ছিল, যেমন সামেরী ও বাসুর পুজারীর দল হযরত হারুন আঃ সালামের বাধা-নিষেধ শোনেনি৷
তিনি যে হেদায়াত প্রদান করেছেন তা থেকে মুখ ফিরিয়ে ধর্ম ত্যাগ করে বসেছে, তার শাস্তি হিসেবে পরবর্তীতে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক তেমনিভাবে নবী করীম সাল্লাল্লাহু সালামের দ্বীন থেকে মুখ ফিরিয়ে রাখার কারণে বদরের যুদ্ধে 70 জন কাফেরকে হত্যা করা হয় এবং 70 জন বন্দি করা হয় এবং উরাইনার ঘটনায় জড়িত প্রত্যেককে মুরতাদ হওয়ার শাস্তি স্বরূপ হত্যা করা হয় ৷
ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইস সালাম এর সাথে সাক্ষাতে ইশারা ছিল যে, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যেমন শাম এলাকায় প্রবল প্রতাপশালী আমালেকা গোষ্ঠীর সাথে লড়াই করতে গিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছিলেন, তেমনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লড়াই করার জন্য শামের এলাকায় যাবেন ৷
হুজুর সা: পরবর্তী সময়ে তাবুকের যুদ্ধ উপলক্ষে শাম যান এবং দুমাতুল জান্দাল এর আমির জিযয়া দেওয়ার শর্তে আপোস করার আবেদন করলে হুজুর সা: তা মঞ্জুর করেন ৷
হযরত মুসা আলাই সাল্লাম এর পরবর্তী হযরত ইউশা আলাইহিস সালাম এর হাতে যেমন শাম বিজিত হয়েছিল, তেমনি নবী কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর আমলে শাম বিজিত হয়ে ইসলামের আওতায় আসে ৷
হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হয় সপ্তম আকাশে ৷
তখন তিনি বাইতুল মামুরে পিঠ লাগিয়ে বসে ছিলেন ৷
বাইতুল মামুর হচ্ছে কাবা ঘরের বরাবর কাবা ঘরের সমআকৃতির একটি ঘর যা ফেরেশতাদের মসজিদ ও কেবলা ৷ প্রতিদিন 70 হাজার ফেরেশতা এই ঘরের তাওয়াফ করছে ৷ যেহেতু হযরত ইবরাহীম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন তাই আল্লাহর পক্ষ থেকে তাঁকে এই মর্যাদা দান করা হয়েছে ৷ হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় সকল নবীর শেষে ৷ এর দ্বারা ইশারা করা হয়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাগে বায়তুল্লাহর হজ্জ সমাপন করবেন ৷
স্বপ্নের ব্যাখ্যাকারদের মতে, কারো ইব্রাহিম আলাই সাল্লাম কে স্বপ্নে দেখার তাবির হচ্ছে হজ্জ করার সৌভাগ্য অর্জিত হওয়া৷
এরপর অষ্টম ধাপে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যান ৷ এর দ্বারা ইশারা হচ্ছে মক্কা বিজয়, যা অষ্টম হিজরীতে সংঘটিত হয়েছে ৷ নবম ধাপে হুজুর সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরিফুল আকলামে উপনীত হন ৷ এর দ্বারা ইশারা হচ্ছে তাবুকের যুদ্ধ, যা 9ম হিজরীতে হয়৷
দশম পর্যায়ে ছিল دنا فتدلي এর পর্যায়, যে স্তরে পৌঁছে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামীনের দীদার ও অতি নৈকট্যের মর্যাদা লাভ করেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা -আলাপন হয় ৷ যেহেতু এই স্তরে বাকাবিল্লাহ বা আল্লাহর তরে বিরাজ স্তর অর্জিত হয়, তাই এর দ্বারা ইশারা ছিল, এবছর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হবে তিনি এই মরজগত ত্যাগ করবেন আল্লাহর সাথে তার সাক্ষাত হবে, রফিকে আলা (সর্বাধিক আপন বন্ধু)র সাথে মিলিত হবেন ৷

মন্তব্য