ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি:

ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি : মুসা আল হাফিজ (  অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহাযারা পেশ করেন...



ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি: মুসা আল হাফিজ

(  অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহাযারা পেশ করেন শায়খ মুসা আল হাফিজ (দা.বা.)। মারকাযুল ফিকরি ওয়াল বুহূসিল ইসলামিয়া ঢাকায় দীর্ঘ এই মুহাযারায়  খারেজি ফেৎনা নিয়ে খুবই  জরুরী বিষয়গুলো উঠে আসে। যা থেকে এ ফেতনার  অতীত থেকে  বর্তমান এবং তার রূপান্তর ও  নানা স্তর ছবির মতো চোখের সামনে উঠে আসে। সাথে আছে চিন্তার গভীর ও জরুরী খোরাক।  শায়খের প্রতিটি মুহাযারায় তথ্য ও তত্ত্বের  ধারা প্রবাহিত হয়, এখানেও সেই স্রোত লক্ষ্য করবেন।  খারেজি বিষয়ক ব্যতিক্রমী পাঠ নিতে এ মুহাজারা খুবই জরুরী।)
অনুলিখনে:  সাজ্জাদ আকবার

 ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি। এটি মূলত  গুরুতর,  বিপর্যয় সৃষ্টিকারী ফেৎনা। মুসলিম সভ্যতার ইতিহাসে তারা খুবই প্রভাবশালী একটি জায়গা দখল করে আছে। তাদের গুরুত্ব ঐতিহাসিক। কিন্তু  তাদের নিয়ে আলোচনার প্রাসঙ্গিকতা শুধু ইতিহাসের প্রয়োজনে নয়। সাম্প্রতিক বাস্তবতায়ও তারা গুরুত্বপূর্ণ । খারেজি ফেৎনা এখন আর কেবল ইতিহাসের পাতায় বর্ণিত অতীতের কোনো মৃত বিষয় নয়। এখন প্রসঙ্গটি তুমুলভাবে বাস্তব ও জীবন্ত।  খারেজি ইস্যু নতুন করে অধিকতর প্রাসঙ্গিক হয়ে উঠেছে এখন।


 বিভিন্ন গ্রুপ ও গোষ্ঠী এ বিষয়টি নিয়ে নানা রকম চর্চা চালাচ্ছে।  কারো মধ্যে খারেজিদের নানা দিকের অনুকরণ আছে, আবার কেউ কেউ নিজেদের ভাবধারার বাইরের অন্য মুসলিমদের খারেজী অভিহিত করে ইস্যুটিকে বাস্তবে তাজা করে চলছেন।   ১৯৯৫ সালে মদীনা ইউনিভার্সিটিতে একটি সেমিনার হয়েছিল, যার আলোচ্য বিষয় ছিলো “বর্তমান কালের খারেজি কারা?”।

এ সেমিনারের কেন্দ্রবিন্দু ছিলেন রবী ইবনে মাদখালী নামের এক আরব শায়খ। রবী ইবনে মাদখালের জন্ম ১৯৩১ সালে সৌদি আরবের এক অভিজাত পরিবারে। তিনি মদীনা ইউনিভার্সিটির হাদীস বিভাগের প্রধান ছিলেন। নব্বইয়ের দশকের শুরুতে সেখান থেকে অব্যাহতি নেন। তিনি নিজে একটা মতাদর্শ দাঁড় করিয়েছিলেন। তার রচিত ৩০ খণ্ডের অধিক গ্রন্থে নানাভাবে সেই মতের ও মতবাদের প্রকাশ রয়েছে। ১৯৮৪ সালে প্রকাশিত তার কিতাব ‘মিনহাজুন নুবুওয়াহ ফী দাওয়াত ইলাল্লাহ’ এ সমাজ ও রাষ্ট্রে ইসলামের প্রতিষ্ঠাকামী রাজনৈতিক কার্যক্রমের নিন্দা করেন তিনি। বিশেষত আরববিশ্বে ইসলামি জাগরণের কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনের  বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি মিসরের সাইয়েদ কুতুবসহ সমকালীন আরব বিশ্বের বিভিন্ন চিন্তানায়ক ব্যক্তিত্ব ও সংগঠনের ব্যাপারে  বৈরী মনোভাব পোষণ করতেন। কুতুব শহীদের  চিন্তাধারা ও কর্মপ্রক্রিয়া খণ্ডন করতে একে একে চারটি গ্রন্থ রচনা করেন। তবে এসব সমালোচনার মূল কারণ ছিলো, সাইয়েদ কুতুব বিলাসী ও দীনবিরোধী আরব নেতৃত্বের বিরোধী ছিলেন। রবী ইবনে মাদখালের মতাদর্শ ছিলো, শাসকদের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না, সে যত অন্যায়ই করুক না কেন। কারণ, ইসলাম মানুষের ব্যক্তিগত সংশোধন চায়, রাষ্ট্রীয় সংশোধন ইসলামের চাহিদা নয়।

 এসব মতবাদের কারণে অল্প সময়ের মধ্যেই আরব শাসকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে দেওয়া হয় সবখানে। তার মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে একটা আরব প্রজন্ম। এমনকি ২০১২ সালে তাকে ৫০০ সেরা মুসলিমের অন্তর্ভুক্ত করা হয়। পশ্চিমা দুনিয়া থেকে তাকে  মধ্যপ্রাচ্যের সেরা মুসলিম বলে আখ্যা দেয়া হতে থাকে।তার চিন্তার প্রচারে দেশে দেশে নিয়োগ দেয়া হয় দায়ী বা প্রচারকদের। পৃষ্ঠপোষকতা করেন বিভিন্ন আরব শেখ-শাসক, নানা সংস্থা ও এনজিও!

আপন মতাদর্শ অনুসারে তিনি সমকালীন বড় বড় আলেমদের খারেজি মনে করতেন।উপমহাদেশের বড় বড় আলেমদের ব্যাপারেও একই মনোভাব প্রকাশ করতেন। সরাসরি নাম ধরে ধরে বলতেন, ইলয়াস কান্ধলভী খারেজি, ইদরীস কান্ধলভী খারেজি, হুসাইন আহমদ মাদানী খারেজি, সাইয়েদ কুতুব খারেজি, মওদুদী খারেজি ইত্যাদি। তাদেরকে খারেজি বলার কারণ, তারা প্রত্যেকে আপন শাসকের বিরুদ্ধাচরণ করতো। মুসলিমদের বিভিন্ন জামাত ও ঘরাণাকে একই বিবেচনায় তিনি ও তার অনুসারিরা খারেজি আখ্যা দেন। এ নিয়ে চলে প্রচার ও তোলপাড়। এ প্রেক্ষাপটে খারেজি প্রসঙ্গ শুধু ইতিহাসের বিচারে নয়, সাম্প্রতিক বাস্তবতায়ও আলোচনার দাবি রাখে।

খারেজি কারা?
ইমাম শাহরাস্তানি খারেজিদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘যারা এমন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, যাদেরকে লোকেরা মেনে নিয়েছে, চাই সেটা সাহাবা আমলে হোক বা যে কোন সময়ে,  তাদরকে খারেজি বলা হয়’। কিন্তু ‘আল মিলাল ওয়ান নিহাল’ এর ব্যাখ্যাকার ইবনে হাযম আন্দালুসি দিয়েছেন ভিন্ন পরিচয়। তার মতে  ‘খারেজী বলতে প্রত্যেক এমন সম্প্রদায়, যারা চতুর্থ খলীফা আলী (রাঃ)-এর বিরুদ্ধে বিদ্রোহকারীদের মতামতকে কিংবা তাদের রায়কে অবলম্বন করে, তারা যেকোন যুগের হতে পারে’। আধুনিক বিশেষজ্ঞ ড. নাছির আল-আক্বল বলেন, ‘খারেজী তারা, যারা গোনাহের কারণে অন্য মুসলমানকে কাফের বলে এবং মুসলিম শাসক ও সাধারণ লোকজনের বিরুদ্ধে বিদ্রোহ করে’। তিনি আরো বলেন, ‘খারেজী’ নামটি যেমন পূর্বের খারেজীদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি প্রত্যেক এমন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য, যে তাদের নীতি গ্রহণ করে এবং তাদের পন্থা অবলম্বন করে’। তাহলে দেখা যাচ্ছে, খারেজি হওয়াটা গুণের সাথে সম্পৃক্ত, কোনো বিশেষ জামানার মধ্যে এর পরিসর আবদ্ধ নয়।

খারেজি : নাম ও উৎপত্তি :
খারেজি মানে যারা জামাত থেকে বের হয়ে যায়। এদের খারেজি বলা শুরু হয় তখন থেকে, যখন তারা হযরত আলী রা. এর  আনুগত্য ও মুসলিম জামাত থেকে বের হয়ে যায়।  এরা নিজেদেরকে শূরাত বা বিক্রেতা বলে পরিচয় দিতো। তারা বলতো, আমরা যেহেতু আল্লাহর জন্য তার সন্তুষ্টি ও সওয়াবের বিনিময়ে নিজেদের সত্তাকে বিক্রি করে দিয়েছি, অতএব আমরা শূরাত বা বিক্রিকারী।    খারেজিদের বিচ্ছিন্নতা আলী রা. এর সময় ময়দানে এলেও নবীর যুগেই তাদের ভিত্তি স্থাপিত হয়েছিল। হুনায়নের যুদ্ধের পর জিইররানা নামক স্থানে গনিমত বণ্টনের সময় যুল খুওয়াইসারা নামীয় এক ব্যক্তি নবীজীকে বলে ওঠে- হে রাসুলুল্লাহ, ইনসাফের সাথে বণ্টন করুন। উত্তরে নবীজি বললেন, ‘ধ্বংস হও, আমি ইনসাফ না করলে আর কে করবে!’ এসময় উমর রা. রাগে অগ্নিশর্মা হয়ে তাকে হত্যার অনুমতি চাইলেন। তখন রাসূল সা. বললেন, “তাকে আপন অবস্থায় ছেড়ে দাও, তার সাথে সমমনা আরও লোকজন আছে।”

নবীজি এই কথা বলে কী বুঝিয়েছেন? বুঝিয়েছেন যে, মুসলমানদের সাথে থাকে একটি দল এমন আছে, যারা নবীর ন্যায়পরায়ণতায় সন্দেহ করে, তাকওয়ার উপর  সন্দেহ পোষণ করে। কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে। নবীয়ে পাক সা. তাদের শাস্তি দিতে যাননি। কারণ তাদেরকে শাস্তি দেওয়া হলে লোকজন বলবে, মুহাম্মদ সা. নিজের সাথীদেরকে হত্যা করে। নবীজী এজন্য তাদেরকে অবস্থায় ছেড়ে দেন। মূলত নবীর সা. সময় থেকেই খারেজিদের উদ্ভব।

হযরত  ওমর রা.কে শহীদ করা, হযরত উসমান রা.এর বিরুদ্ধে বিদ্রোহ, মিথ্যাচার এবং তাঁর নির্মম হত্যা খারেজিদের পূর্বসূরিদেরই কাজ। এরপরে যে ভয়ানক পরিস্থিতি এলো, একে ডেকে আনলো তারাই।  আলী রা. ও মুয়াবিয়া রা. এর বিরোধে তারা আলীর পক্ষাবলম্বন করে।  জঙ্গে সিফফীনে যখন উভয় পক্ষ সালিশ নির্ধারণ করে, তখন ৬/৮/১০/১২ হাজার মানুষ এই অজুহাতে আলী রা. এর দল ত্যাগ করে যে, তিনি সালিশির মাধ্যমে আল্লাহর কুরআনের বিরুদ্ধে আমর ইবনুল আস ও আবু মুসা আশআরী রা. কে বিচারক মেনেছেন।  তারা কুরআনের আয়াত ( ইনিল হুকমু ইল্লা লিল্লাহ) আয়াত দিয়ে দলিল পেশ করে। এজন্য তাদের এক নাম ’হুকমিয়া’।

আল্লাহ ছাড়া কারো শাসনক্ষমতাকে তারা অস্বীকার করতো। মানুষের মধ্যে কোনো বিবাদে শালিশী বা মধ্যস্থতাকেও তারা অস্বীকার করতো। তারা আলী রা.এর দল থেকে বেরিয়ে হারুরা নামক স্থানে গিয়ে পৌঁছে, এজন্য তাদেরকে ‘হারুরিয়া’ বলেও অভিহিত করা হয়। অন্যদিকে যেহেতু তারা বৃহত্তম দুটি মুসলিম দল আলী ও মুয়াবিয়া রা. কারো সাথেই ছিলো না, বরং উভয়দলের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলো, এজন্য তাদেরকে ‘মারেকা’ নামেও ডাকা হয়।
এরা ছিলো নওমুসলিম এবং যুবক।বাহ্যত অত্যন্ত নেক,ধার্মিক ও নিষ্ঠাবান ছিলো তারা। আবেগ তাদেরকে চালিত করতো। সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দিতো, সারা দিন যিকির আর কুরআন তেলাওয়াতে মগ্ন থাকতো। এ কারণে তারা পরিচিত হয় কুররা বা কুরআন তেলাওয়াতকারী নামে।

খারেজিদের সাথে আলী রা.এর সংলাপ:

আলী রা. চাইতেন , ওরা সত্যলাভ করুক। তাদের ধ্বংস বা উচ্ছেদের চেয়ে তাদের সংশোধনকে তিনি দেন গুরুত্ব।

এ অবস্থায় আলী রা. ইবনে আব্বাস রা. কে তাদের নিকট পাঠান তাদের ভুল বোঝাবুঝির সুরাহা করে ফিরিয়ে আনতে। তখন ৪/৬ হাজার খারেজি পুনরায় আলী রা. এর কাছে ফিরে আসেন। বাকিরা কুফার একটি শহরে অবস্থান নেয়। আলী রা. তাদের নিয়ে আর মাথা ঘামান নি। ইত্যবসরে একদিন আলী রা. রাজধানী কুফার মসজিদে খুতবা দিচ্ছিলেন, এমন সময় খারেজিরা সমস্বরে হট্টগোল বাধিয়ে দিলো যে, আপনি আল্লাহর বিচারের বদলে মানুষের হাতে বিচার তুলে দেওয়ার কারণে মুশরিক হয়ে গেছেন। কারণ, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, “যারা আল্লাহর হুকুম অনুযায়ী ফায়সালা করে না, তারা কাফের।”

তখন আলী রা. তাদেরকে শুধু এইটুকু বললেন, এতকিছুর পরও তোমাদেরকে আমাদের মসজিদে আসতে বাধা দিবো না, রাষ্ট্রীয় সম্পদ হতে তোমাদেরকে বঞ্চিত করবো না এবং তোমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবো না। কিন্তু এতসব সুবিধা পাওয়ার পরও তারা বিভিন্ন স্থানে উৎপাত ও বিদ্রোহ করতে থাকে। আলী রা. বারবার ইবনে আব্বাস কে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। নিজেও অনেক বোঝান। আলী (রাঃ) তাদের কাছে বিদ্রোহের কারণগুলি জানতে চান।  তারা  উপস্থাপন করে কিছু অভিযোগ।
তাদের প্রথম অভিযোগ ছিলো- জঙ্গে জামাল বা উটের যুদ্ধে  আলী রা. এর অনুসারিদের  জন্য প্রতিপক্ষের মাল-সামান গনিমত হিসেবে গ্রহণের বৈধতা দেয়া হলেও তাদের নারী ও শিশুদেরকে যুদ্ধবন্দী বানাবার অনুমতি দেয়া হয়নি।  ক্রীতদাস বানাবার অনুমতিও দেয়া হযনি। সেটা কেন?
 আলী (রাঃ) জবাবে জানান-,  এ যুদ্ধে প্রতিপক্ষের মাল-সামান গনিমত হিসেবে গ্রহণের অনুমতি দেয়ার কারণ হলো, প্রতিপক্ষের সরদার ত্বালহা ও যুবায়র (রাঃ) বায়তুল মাল থেকে  সামান্য অর্থ নিয়েছিলেন। তা যাতে বায়তুলমালে ফিরে আসে।
 নারী ও শিশুদের যুদ্ধবন্দী বানানোর অনুমতি দেয়া হয়নি, কারণ তারা তো যুদ্ধে অংশগ্রহণ করেনি।  তারা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলিম। তারা ইসলাম ত্যাগ করেনি। অতএব  তাদের দাস-দাসী বানানো কোনোভাবেই বৈধ নয়। আলী রা. বলেন-, ‘আমি যদি সেসব নারী ও শিশুদেরকে ক্রীতদাস হিসাবে গ্রহণ করা বৈধ করতাম তাহ’লে তোমাদের মধ্যে কে আছে যে (উম্মুল মুমিনীন) আয়েশা (রাঃ)-কে নিজের অংশে ক্রীতদাস হিসাবে গ্রহণ করার যোগ্যতা রাখ? আলীর রা. জবাবে তারা নিরুত্তর হয়ে যায়!


তারা অভিযোগ করে,   মু‘আবিয়া (রাঃ)-এর সাথে ছিফ্ফীনের সন্ধি চুক্তি লেখার সময় আলী (রাঃ) কেন নিজের নামের আগে ‘আমীরুল মুমিনীন’ কথাটি মুছে ফেলেন ? কেন তিনি মুআবিয়া রা.এর কথা মেনে নিলেন? জবাবে আলী রা. বলেন- ‘আমি তো সেই কাজ করেছি যা হুজুর সা. হুদায়বিয়ার সন্ধিতে করেছিলেন। তিনি নিজের নামের আগে ‘রাসূলুল্লাহ’ শব্দটি মিটিয়ে দেন।  যেহেতু কাফিররা এতে আপত্তি এনেছিলো!

তারা অভিযোগ করে-   হকের পথে থাকার পরেও আলী রা. কেন তাহকীম বা শালিস নিয়োগ করলেন?  জবাবে তিনি বলেন, ‘হক্বের পথে থাকার পরেও রাসূল (ছাঃ) বানু কুরায়যা-এর ক্ষেত্রে সা‘দ বিন মু‘আয (রাঃ)-কে শালিস নিয়োগ করেছিলেন’।

 আলী (রাঃ) একদা  বলেছিলেন, ‘আমি যদি খেলাফতের হকদার হয়ে থাকি, তাহ’লে তারা আমাকে খলীফা নির্বাচন করবে’। খারেজীরা এ কথার উপর আপত্তি তোলে। তারা বলে- এতে প্রমাণিত হয়, আলী রা. নিজের খলীফা হওয়ার যোগ্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন।  জবাবে আলী রা. বলেন, ‘এটা ছিল মু‘আবিয়া (রাঃ)-এর প্রতি ইনসাফ করা। যেমন রাসূল (ছাঃ) নাজরানের খ্রিস্টানদেরকে মুবাহালার জন্য আহবান করেছিলেন তাদের প্রতি ইনসাফ প্রদর্শনের জন্য।
এ বিতর্কের পরে অনেক খারিজি নিজেদের ভুল বুঝতে পারে । দলত্যাগ করে। কিন্তু এ দলত্যাগ খারেজিদের মধ্যে কোনো েইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারেনি।

খারেজিদের হটকারিতা:

 গরিষ্ঠসংখ্যক খারেজিরা আরো উত্তেজিত হয়।  তারা অবাধ্যতায় অটল হয়ে পড়েছিলো।
কুরআন-হাদীসকে তারা যেভাবে বুঝেছে, সে বুঝই ছিলো তাদের কাছে ঠিক। সাহাবীদের বুঝকে গ্রহণ করতে তারা রাজী ছিলো না। বহু প্রচেষ্ঠায় কিছু খারেজিকে ফিরিয়ে আনা গেলেও বাকি খারেজিরা সাহাবীদেরকে দালাল, আপোষকামী, অন্যায়ের সহযোগী ইত্যাদি বলে অাখ্যা দেয়। সাহাবীদের বিরুদ্ধে ‘‘জিহাদ’’ করে ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করে। তারা বলে, মুয়াবিয়া রা. ও তার সাথীরা ইসলাম থেকে বিচ্যত হয়ে গেছেন। আর তাদের সাথে আপোষ করে আলী রা. ও তার সঙ্গী সাহাবীরাও ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছেন। এদের কেউই হক্ব প্রতিষ্ঠার কাজে নেই। অতএব কুরআনের আদেশে হক তথা দ্বীন প্রতিষ্ঠার জন্য এদের বিরুদ্ধে লড়তে হবে। তারা প্রচার চালাতে থাকে তুমুল।হু হু করে বাড়তে থাকে তরুণ আবেগী সদস্য। এক বছরের মধ্যে তাদের সংখ্যা চার হাজার থেকে বেড়ে ৩০ হাজার ছাড়িয়ে যায়।

 বাধ্য হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে হয় হযরত আলী রা.কে। সে যুদ্ধে খারেজিদের দলপতি ছিলো আবদুল্লাহ ইবনে ওয়াহহাব। ইতিহাসে এ যুদ্ধকে ‘নাহরাওয়ান’ যুদ্ধ বলে অভিহিত করা হয়। ৩৮ হিজরীতে সংগঠিত এ যুদ্ধে খারেজি সৈন্য সংখ্যা ছিলো ২৫ হাজার। তুমুল যুদ্ধে তাদের নেতা সহ পুরো বাহিনিই নিহত হয়। শুধুমাত্র নয় জন খারেজি জান নিয়ে পালিয়ে যায়। সে হিসাবে খারেজিদের চূড়ান্ত ফায়সালা হয়নি। পরবর্তীতে জীবিত যারা ছিলো, তারাই আলী রা. কে হত্যা করে। হত্যাকারীরা আগে থেকেই পরিকল্পনা করেছিলো, এক রাতে আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আস রা. কে হত্যা করবে।
 আলী (রাঃ)-কে হত্যা করার জন্য গোপনে আব্দুর রহমান বিন মুলজামকে ঠিক করে।  মু‘আবিয়া (রাঃ)-এর কে হত্যা করার জন্য বারাক বিন আব্দুল্লাহকে এবং আমর ইবনুল আছ (রাঃ)-কে হত্যা করার জন্য আমর বিন বাকরকে নির্বাচন করে।
একই দিনে হত্যাকাণ্ড সংগঠিত করার প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে তারা যাত্রা করে।
 ওরদান ও শাবীব নামে দুইজন সহযোগীকে সাথে নেয় আবদুর রহমান।  ৪০ হিজরীর  রামাযানের ১৭ তারিখ কুফায় যায়। রাতটি ছিলো জুমআর। ফজরের আগেই আলী রা. এর ঘরের দরোজার আড়ালে লুকিয়ে থাকে।

 নামাজের জন্য তিনি যেই বের হলেন,  সে ধারালো তরবারি দিয়ে প্রচণ্ড  আঘাত করে আলী রা. এর মাথায়। এতে তাঁর দাড়ি রক্তে রঞ্জিত হয়ে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। লোকেরা তাকে পাকড়াও করে মেরে ফেলতে চাইলেন। কিন্তু আলী রা. বারণ করেন। বলেন- যদি আমি নিহত হই, তাহলে তার বিচার তোমরা করবে। আর আমি বেঁচে থাকলে তার বিষয়টি নিজেই দেখবো। ঘটনার  তিনদিন পরে ৪০ হিজরীর ২১শে রামাযান ৬৩ বা ৬৪ বছর বয়সে তিনি শাহাদত বরণ করেন।

নির্ধারিত দিনে  একই সময় বাকার বিন আবদুল্লাহ মু‘আবিয়া (রাঃ)-কে আঘাত করে। কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। আমর ইবনুল আছ (রাঃ) সে রাতে ভীষণ অসুস্থ ছিলেন।  মসজিদে আসতে পারেননি।   তাঁর পরিবর্তে  নামাজ পড়ানোর দায়িত্ব ছিলো ইমাম খারেজাহ ইবনু আবী হাবীবা রা.এর। আমর বিন বাকার তাকে আঘাত করে হত্যা করে।

ধর্মের বিকৃত বুঝ ও খারেজীরা:

 নিজেদেরকে একমাত্র হক মনে করতো খারেজিরা। ইসলাম প্রতিষ্ঠার জন্য এদের প্রচেষ্টা ছিলো অত্যন্ত আন্তরিক। আরবি সাহিত্যে এদের কবিতা ইসলামি জযবা ও জিহাদি প্রেরণার অতুলনীয় ভাণ্ডার।  এদের বাহ্যিক ধার্মিকতা ও সততা ছিলো অতুলনীয়। রাতদিন নফল সালাতে দীর্ঘ সাজদায় পড়ে থাকতে থাকতে তাদের কপালে কড়া পড়ে গিয়েছিলো। তাদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে শুধু কুরআন তেলাওয়াতেরই আওয়াজ আসতো৷ কুরআন মজিদের তেলাওয়াতকালে তারা রোদন করতো । আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে ও আবেগে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতো। মাথামুণ্ডন করা ছিলো তাদের সাধারণ বৈশিষ্ট। তাদের তেলাওয়াত, ইবাদত ও মুজাহাদা হাদিসের সেই ভবিষ্যদ্বাণীকে মনে করিয়ে দিতো, যেখানে নবীয়ে কারীম সা. বলেছেন-‘‘তোমাদের কেউ তাদের সালাতের তুলনায় নিজের সালাত এবং তাদের সিয়ামের তুলনায় নিজের সিয়ামকে তুচ্ছ মনে করবে।’’

‘পূর্বাঞ্চল থেকে একদল লোকের আবির্ভাব ঘটবে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেভাবে ধনুক শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা আর দ্বীনের মধ্যে ফিরে আসবে না, যেমনভাবে ধনুক ছিলায় ফিরে আসে না। বলা হ’ল, তাদের আলামত কি? তিনি বললেন, ‘তাদের আলামত হচ্ছে মাথা মুন্ডন করা’।

তাদের বৈশিষ্ট, পরিচয়সহ নবীয়ে কারীম সা. সব কিছু জানান দিয়েছেন, বলে দিয়েছেন তাদের ব্যাপারে করণীয়ও! প্রিয় নবীর সা. উক্তি- , ‘অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে মতানৈক্য ও ফিরক্বা সৃষ্টি হবে। এমতাবস্থায় এমন এক সম্প্রদায় বের হবে, যারা সুন্দর ও ভাল কথা বলবে আর কাজ করবে মন্দ। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বের হয়ে যাবে, যেমনভাবে তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।

ঐ ব্যক্তির জন্য সুসংবাদ, যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধে তাদের দ্বারা শাহাদত বরণ করবে। তারা মানুষকে আল্লাহর কিতাবের দিকে ডাকবে অথচ তারা আমার কোন আদর্শের উপরে প্রতিষ্ঠিত নয়।  সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.)! তাদের আলামত কী? তিনি বললেন, ‘অধিক মাথা মুন্ডন করা’
এই যে দ্বীন থেকে ধনুকের তীরের মতো বেরিয়ে যাওয়া, এরই ফলে
 দ্বীনের নামে এদের হিংস্রতা ও সন্ত্রাস ছিলো ভয়ঙ্কর। অনেক নিরাপরাধ অযোদ্ধাসহ হাজার হাজার মুসলিমের প্রাণ নষ্ট হয় তাদের হিংস্রতা ও সন্ত্রাসের কারণে। হযরত আবদুল্লাহ ইবনে খাব্বাব রা. তাদেরকে ফেতনার হাদীস শুনিয়েছিলেন। জবাবে তারা তাঁকে টুকরো টুকরো করে হত্যা করে। তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে। গর্ভের সন্তানকে মায়ের পেট কেটে বের করে কেটে টুকরো টুকরো করে ফেলে। এসব করে ইসলামের নামে। দ্বীনী দায়িত্ব মনে করে।

আবদুর রহমান ইবনে মুলজিম যখন আলী রা.কে আঘাত করে, তখন বলছিলো - ,لا حكم إلا لله ليس لك يا علي ولا لأصحابك، ‘হে আলী! আল্লাহ ছাড়া কারো বিধান নেই। তোমার জন্যও নেই এবং তোমার সাথীদের জন্যও নেই হে আলী’। তাকে হত্যা করার কারণ জিজ্ঞেস করলে সে বলে ,شحذته أربعين صباحا وسألت الله أن أقتل به شر خلقه ‘আমি চল্লিশ দিন যাবৎ তরবারিকে ধার দিয়েছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করেছি, আমি যেন এই অস্ত্র দ্বারা তাঁর সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করতে পারি’ !!

আলী রা. কে হত্যা করায় আবদুর রহমানের প্রশংসা করে বিখ্যাত খারেজি কবি ইমরান ইবনু হিত্তান ( মৃত্যু ৮৪ হি.) বলে : কত মহান ছিলেন সেই নেককার মুত্তাকি মানুষটি, যিনি সেই মহান আঘাতটি করেছিলেন! সেই আঘাতটির দ্বারা তিনি আরশের অধিপতির সন্তুষ্টি ছাড়া আর কিছুই চাননি। আমি প্রায়ই তার স্মরণ করি এবং মনে করি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী মানুষ তিনিই।
৩৭ হিজরী থেকে শুরু করে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এদের সন্ত্রাস, হত্যা ও যুদ্ধ অব্যাহত থাকে৷ ৬৪-৭০ হিজরীর দিকে আবদুল্লাহ ইবনে যুবাইর ও উমাইয়া বংশের শাসকগণের মধ্যে যুদ্ধে তারা আবদুল্লাহ ইবনে যুবায়েরকে সমর্থন করে।  কিন্তু তিনি যখন উসমান ও আলীকে কাফের বলতে অস্বীকার করলেন এবং তাদের প্রশংসা  করলেন তখন তারা তাঁর বিরোধিতা শুরু করে।

তারা মনে করতো যে, ইসলামি বিধিবিধানের লঙ্ঘন হলেই মুসলিম ব্যক্তি কাফেরে পরিণত হয় এবং এরূপ কাফেরের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করা এবং পাপী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা দীনের সবচেয়ে বড় ফরয।

আলী রা.  কে প্রশ্ন করা হয়, এরা কি কাফের? তিনি বলেন, এরা তো কুফুরি থেকে বাঁচার জন্যই পালিয়ে বেড়াচ্ছে। বলা হয়, তবে কি তারা মুনাফেক? তিনি বলেন : মুনাফিকরা তো খুব কমই আল্লাহর যিকির করে, অথচ এরা তো রাতদিন আল্লাহর যিকিরে লিপ্ত। বলা হয়, তবে এরা কী? তিনি বলেন,  এরা বিভ্রান্তি ও নিজ মতপূজার ফেৎনার মধ্যে ডুবে গিয়ে অন্ধ ও বধির হয়ে গেছে।

খারেজিদের বিভিন্ন উপদল :

কালক্রমে খারেজিরা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে ইয়াহহইয়া বিন কামেল, মোহাম্মদ বিন হারব, সাঈদ বিন হারুন খারেজিদের নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছে। খারেজিরা মূলত পনেরোটি দলে বিভক্ত৷ যেমন:

১. নাজদাত: ইয়েমেনের নাজদাহ বিন আমর হানাফির অনুসারীদেরকে বলা হয় নাজদা খারেজি। তাদের আকীদা ছিলো, ছোট গোনাহ বারবার করলে মুশরিক হয়ে যাবে। তবে কবিরা গুনাহ একবার করলে মুশরিক হবে না।

২. আযারেকা : নাফে বিন আযরাকের অনুসারী দেরকে বলা হয় আযারেকা খারেজি। তাদের আকীদা মতে কবিরা গুনাহকারী কাফের। তারা মুয়াবিয়া রা. এর রাষ্ট্রকে দারুল হারব ঘোষণা করে। তারা মুশরিক নারী শিশু সবাইকে হত্যা করার পক্ষপাতী ছিলো। মুশরিকদের শিশুকেও বেঁচে থাকার যোগ্য মনে করতো না তারা। যিনার  শাস্তি হিসাবে হদপ্রয়োগের বিধান শুধু নারীদের জন্য প্রয়োগ করতো, পুরুষদেরকে বাদ রাখতো।

৩. ফাদাকিয়া: তারা ছিলো ইবনুল ফুদাইকের অনুসারী।

৪. আতাবিয়্যা : তারা ছিলো আতিয়া ইবনুল আসাদের অনুসারী।

৫. আজারেদা: তারা ছিলো আবদুর রহমান ইবনুল আজরাদ এর অনুসারী। এদরকে মায়মুনাও বলা হত। তাদের আকীদা ছিলো,নিজেদের মা ও বোনকে বিবাহ করা জায়েয। ভাই বোনের পরস্পরের বিবাহও জায়েয। তারা সুরা ইউসুফকে কুরআনের অংশ মানতো না।

৬. জাযমিয়া : তাদের আকীদা ছিলো, আল ওয়ালা ওয়াল বারা আল্লাহর যাতের দুটি অংশ।তাদের একটি শাখা  ছিলো মা‘লুমিয়্যাহ। তারা বলতো, আল্লাহর সকল নামসহ তার পরিচয় যে জানবে না, সে জাহিল। আল্লাহ তায়ালার কাজকে আল্লাহর সৃষ্টি বলে তারা মানতো না।
৭. মাজহুলিয়্যাহ: তারা মনে করতো আল্রাহ তায়ালার কিছু সংখ্যক নাম সম্পর্কে যার জ্ঞান আছে, সে আলেম।

৮.সালতিয়্যাহ: এরা ছিলো ওসমান ইবনে সালতের অনুসারী। তারা বলতো, মুসলমান পরিবারে জন্ম নিলেই সন্তান মুসলিম নয়। প্রাপ্ত বয়স্ক হয়ে যদি সে ইসলাম গ্রহণ করে, তবেই সে মুসলিম।
৯. আখনাসিয়্যাহ: জনৈক আখনাসের অনুসারি এরা। তাদেরই এক উপদল ১০. হাফসিয়্যা বা যফরিয়্যা: এরা মনে করে যে আল্লাহকে চিনেছে, আর আল্লাহ ছাড়া সবকিছুকে অস্বীকার করেছে সেই মুসলমান। আল্লাহ ছাড়া সব কিছুর মধ্যে  আছেন নবী-রাসূল, জান্নাত-জাহান্নাম ইত্যাদিও!
১১. আবাদিয়্যা- তাদের মতে, কুফর বা শিরক বলতে কিছুই নেই।সবচেয়ে বড় গোনাহ হচ্ছে নিয়ামতের অস্বীকৃতি। আল্লাহ তায়ালা বান্দার উপর যা ফরজ করেছেন, তা কেবল ঈমান।
১২.বাহনাসিয়্যা- আবূ বাহনাস নামে এরা পরিচিত ছিলো। তারা মনে করতো, হালাল-হারামের সকল কিছু বিস্তারিতভাবে না জানলে কেউ মুসলমান হতে পারবে না।
১৩.শামরাখিয়্যাহ- আবদুল্লাহ ইবনে শামরাখ তাদের গুরু।ইবনে শামরাখ বলতো মাতা-পিতাকে হত্যা করা জায়েজ! এ মতের কারণে খারেজিরা তাকে পিতা বলে হত্যা করে।
১৪. বেদয়িয়্যাহ- এদের আকিদা ছিলো আযরাকিয়্যাদের মতোই। তবে তারা নামাজের বিষয়ে আলাদা মত পেশ করতো। তাদের কাছে নামাজ কেবল চার রাকাত ফরজ, ভোরে দুই রাকাত, রাতে দুই রাকাত।

খারেজিদের বৈশিষ্ট :

বিভিন্ন হাদীসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের নানা আলামত ও পরিচিতি তুলে ধরেছেন। যেমন-

১. ’তাদের নামাজ, তাদের রোজা এত উৎকৃষ্ট হবে যে, তোমাদের অনেকে সে হিসাবে নিজের আমলকে তুচ্ছ ভাবতে শুরু করবে।’

২. ‘তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তেলাওয়াত তাদের কণ্ঠও অতিক্রম করবে না।এবং তারা দীন থেকে বেরিয়ে যাবে, যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়।’

৩. ‘তারা আহলে ইসলামদেরকে হত্যা করতে থাকবে আর নিজেদেরকে ভাবতে থাকবে আহলে ইসলাম।’

৪. ‘শেষ যমানায় এমন একটি সম্প্রদায়ের উদ্ভব ঘটবে, যারা...... তারা দুনিয়ার সবচেয়ে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু তাদের ঈমান কণ্ঠনালীকে অতিক্রম করবে না।’

৫. হযরত আবু সাঈদ,খুদরী রা. থেকে বর্ণিত, শেষযুগে পূর্ব দিক থেকে কিছু মানুষের উদ্ভব ঘটবে, তারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু তা কণ্ঠ অতিক্রম করবে না। জিজ্ঞাসা করা হলো, তাদের আলামত কী? নবীজি বললেন, তারা মাথা মুণ্ডন করবে।
হাদীসে রাসূল সা. থেকে তাদের আরো  যেসব আলামত পরিষ্কার হয়, তার মধ্যে আছে-
১. তারা হবে নবীন, তরুণ ও নির্বোধ, অথচ নিজেদেরকে অনেক জ্ঞানী ভাববে।২. . বাহ্যিকভাবে সুন্দর কথা বলবে।  ৩. পথভ্রষ্ট হওয়ার পর এরা আর ইসলামের সঠিকধারায় দিকে ফিরে আসবে না। ৪. তারা হবে ইবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী । নিজেদের ইবাদতের জন্য হবে অহংকারী। ৫. তারা ভিন্নমতের  মুসলমানদের হত্যা করবে আর কাফের, মুশরিক ও মূর্তিপূজারীদের ছেড়ে দেবে। ৬. তারা দ্বীনের ক্ষেত্রে  বাড়াবাড়ি করবে, এমনকি দ্বীন থেকে বেরিয়ে যাবে। ৭. তারা মুসলিম শাসকদের নিন্দা করে, অপবাদ দেয় এবং তাদেরকে পথভ্রষ্ট ও কাফির বলে দাবী করে। যেমনটি খুওয়াইছারা রাসূল (ছাঃ)-এর সাথে করেছিল।

 ৮. তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আহবান করবে।  কিতাবুল্লাহ দিয়ে দলীল গ্রহণ করবে। কিন্তু না বুঝার কারণে দলীল গ্রহণের ক্ষেত্রে ভুল করবে।৯. তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে। যেমন আলী ও মু‘আবিয়া (রাঃ)-এর বিরুদ্ধে করেছিল। ১০. তারা তাদের নিহতদেরকে জান্নাতী মনে করে। যেমন তারা নাহরাওয়ানের যুদ্ধের ময়দানে পরস্পরকে ‘জান্নাতমুখী’ ‘জান্নাতমুখী’ বলে ডাকছিল’। ১১. মতভেদ ও মতানৈক্যের সময় এদের আবির্ভাব হবে।তাদের আগমন ঘটবে শেষ যামানায়  ১২. তাদের উৎপত্তি পূর্ব দিক (ইরাক -খোরাসান ও তৎসংলগ্ন এলাকা) থেকে হবে। ১৩.. যেসব আয়াত কাফেরের জন্য প্রযোজ্য তারা সেগুলিকে মুমিনদের উপর প্রয়োগ করবে।

 ১৪. তারাও কুরআন ও সুন্নাহ দিয়েই কথা বলবে কিন্তু অপব্যাখ্যা করবে।ফলে তারা আলেমদের সাথে সবচেয়ে বেশী শত্রুতা পোষণকারী হবে।
 তারা আলেমগণকে মূল্যায়ন করবে না। নিজেদেরকেই বড় জ্ঞানী মনে করবে। যেমন খারেজীরা নিজেদেরকে আলী, ইবনু আববাস সহ সকল সাহাবী (রাঃ)-এর চেয়ে জ্ঞানী দাবী করেছিল। ১৫. ওরা হুকুম লাগানোর ক্ষেত্রে তড়িঘড়ি করে। সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের নামে এ সম্পর্কিত শরী‘আতের দলীলগুলিকে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ করার ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। ১৬. মুসলিমদের বরেণ্য জামাত থেকে তারা হয় বিচ্ছিন্ন। লোকদের তারা বিচ্ছিন্নতায় উদ্বুদ্ধ করে। আর নিজেদের তারা গুরাবা মনে করে।১৮. ভিন্নমতের মুসলিমদের তারা কাফের আখ্যা দেয়। হত্যাকে উচিত মনে করে।
১৯. তারা আত্মহত্যার মাধ্যমে এবং অন্যকে হত্যার মাধ্যমে সীমালংঘন করতঃ রক্তপাত ঘটাবে। ২০. যতবারই তাদের আবির্ভাব হবে, ততবারই তারা ধ্বংস হবে। এভাবে রাসূল (সা.) বিশ বার বলেন।ভূপৃষ্ঠে সর্বদাই খারেজী আক্বীদার লোক থাকবে এবং এরা হবে পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টি।

পুরনো ছাই থেকে নতুন দাবানল:

খারেজিদের বেশির ভাগ গোষ্ঠীর বিলুপ্তি ঘটেছে বহু আগে। এখন কেবল একটি উপদল আছে, যাদের নাম ইবাযিয়্যাহ।আবদুল্লাহ ইবনে ইবায নামক এক ব্যাক্তির অনুসারি তারা। ওমান এবং উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া, মোরিতানিয়া ও অন্যান্য দেশে এরা সক্রিয়। খারেজিদের মৌলিক বিশ্বাস তারা লালন করে। কিন্তু বহু বিবর্তন ঘটে গেছে সেই বিশ্বাসে। অনেক যোগ-বিয়োগের ঘটনা ঘটেছে। ইবাযিয়্যা সম্প্রদাযের মধ্যে খারেজী ভাবধারার পাশাপাশি আল্লাহর সিফাত, আল্লাহর কালাম ইত্যাদি বিষয়ে মুতাযিলাদের আকীদা বিদ্যমান।

 তাদেরকে পূণরোজ্জীবিত করার একটি সবল চেষ্টা হয়েছিলো। কিন্তু বড় কোনো রাজনৈতিক খেলায় ওরা আসতে চায়নি। নানা কারণে ওরা নিজেদের জীবন নিয়েই মগ্ন থাকছে। জাতিগতভাবে ওদের মাঠে যখন আনা যায়নি, তখন খারেজী ভাবধারার নতুন স্রোত তৈরীর জন্য বিভিন্ন গোষ্ঠীকে অবলম্বন বানানো হলো।
নতুন কিছু ইসলামি সংগঠন প্রাচীন খারেজিদের আকীদা গ্রহণ করলো। নব্য খারেজি বলে এদেরকে চিহ্নিত করা হলো। এদের একটি বিখ্যাত দল মিসরের শুকরী আহমদ মুস্তফা প্রতিষ্ঠিত জামাআতুল মুসলিমীন বা জামাআতুত তাকফীর ওয়াল হিজরাহ।

তারা প্রচার করে, একমাত্র তাদের জিহাদি কর্মকাণ্ডের মাধ্যমেই দীনের বিজয় সম্ভব হবে এবং খুব দ্রুতই তারা এই বিজয় অর্জনে সক্ষম হবে। তাদের এসব দাবি দাওয়া ও দ্রুত ইসলাম প্রতিষ্ঠার আগ্রহ অনেক যুবককে আকৃষ্ট করতে সক্ষম হয়। তারা জামাআতুল মুসলিমীন নামের একটা দল গঠন করে। যারা তাদের দলে যেতে নারাজ কিংবা তাদের সমালোচক, এমন মুসলিমদের তারা কাফের মুরতাদ হিসেবে গণ্য করে । এমন সব নির্বাচিত কাফের মুরতাদকে গোপনে মেরে ফেলার প্রকল্প তারা হাতে নেয়। বিশেষত যে সকল আলেম ও ইসলামি ব্যক্তিত্ব এদের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের বিভ্রান্তি বোঝাতে চেষ্টা করতেন বা তাদের বিভ্রান্তির বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে তারা গুপ্তহত্যার টার্গেট বানায়।

চলতে থাকে একের পর এক হত্যা।
এদের বিপজ্জনক কাজকর্মকে অজুহাত বানিয়ে অগণিত আলেম-ওলামাকে কারাগারে পাঠায় মিসর সরকার। করে তুমুল নির্যাতন। মিডিয়া এদের কাজকে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডার হাতিয়ার বানায় ইসলামি আন্দোলন সমূহকে চরমভাবে কলুষিত করার যুদ্ধে ,মেতে উঠে।একদিক থেকে ওরা করছিলো অপরাধ আর অপরদিক থেকে দায়ী করা হচ্ছিলো ইসলামকে।

 এভাবেই চলছিলো। অবশেষে ১৯৭৮ সালে এদের অধিকাংশকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।বাকি অনেককে দীর্ঘমেয়াদি সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর এ দলের বাহ্যিক কর্মকাণ্ড দেখা যায় না। তবে তাদের অনুরূপ চিন্তা চেতনা অনেক আবেগী মুসলমানদের মধ্যে প্রভাব ফেলেছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নতুন মোড়কে, অভিনব আয়োজনে এ জাতীয় ভাবধারা মযদানে আসছে।
নব্যখারেজি ভাবধারার কিছু সাধারণ বৈশিষ্ট আছে, যার অনেকটা শুকরি ও তার অনুসারিদের থেকে ছড়িয়েছে।

শুকরী ও তার অনুসারীগণ অতীত ও বর্তমান সকল যুগের আলেমের প্রতি কঠোর অবজ্ঞা প্রকাশ করতেন। খাইরুল কুরুন থেকে শুরু করে পরবর্তী সকল যুগের আলেম, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস ও সমকালীন অসংখ্য আলেমকে তারা মূর্খ, স্বার্থপর, আপোসকামী, তাগুত এর অনুসারী ইত্যাদি বলে অভিহিত করতো। এমন আলেমের পুস্তক পড়তে বা কাউকে প্রশ্ন করতে তারা তাদের অনুসারীদের কঠোরভাবে নিষেধ করতো।

শুকরি ও তার অনুসারিরা দাবি করেন, মুসলিম দাবিদার কেউ যদি ইসলামের কোন অনুশাসন লঙ্ঘন করে, তবে সে কাফের হয়ে যায়। এক্ষেত্রে তারা মূলত রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকেই কাফের বলেন। তারা নিজেরাই ছোট ফরয বড় ফরয তত্ত্বের ভিত্তিতে অনেক প্রকার পাপে লিপ্ত হন, যেগুলো কুরআন ও হাদিসে স্পষ্টতই পাপ বলে ঘোষণা করা হয়েছে। পক্ষান্তরে রাষ্ট্রীয় চাকরি করা, রাষ্ট্রের আনুগত্য করা, তাদের দলে যোগ না দেওয়া, তাদের কথিত ‘জিহাদকে’ সমর্থন না করা, ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক কোনো দলকে সমর্থন করা ইত্যাদি ব্যাখ্যা সাপেক্ষ পাপের কারণে তারা অনেক আলেম ও ইসলামি ব্যক্তিত্বকে কাফের ঘোষণা করে তাদের হত্যা করেছে।

তাদের, কোন মুসলিম শাসক যদি তাদের মানহাজ না মানে অথবা ফাসেকী ও যুলুম করে, তাহ’লে তার জন্য ক্ষমতায় থাকা বৈধ নয়। এমন শাসকের আনুগত্য করাও জায়েয নয়। তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা ওয়াজিব। তার অধীনে সরকারী চাকুরী, সরকারী বাসভবনে বসবাস, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা জায়েয নয়। তার অধীনস্থ রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মী ও আইন-শৃংখলা বাহিনীকে হত্যা করা জায়েয। তাদের মতে কোন মুসলিম বিচারক যদি আল্লাহর বিধান মতে বিচার না করেন, তাহ’লে তিনি অবশ্যই কাফের ও মুরতাদ। তাকে হত্যা করা জায়েয, যদি তিনি তওবা না করেন। এসব সরকারের আনুগত্যের কারণে সাধারণ নাগরিকরাও কাফের।

তারা দাবি করে যে, শুধুমাত্র জামআত ও বাইআতের মাধ্যমেই একজন মুসলিমকে অমুসলিম থেকে পৃথক করা যায়। এই দাবির পক্ষে তারা কুরআন ও হাদিসের বাইআত ও জামাআত বিষয়ক নিদের্শনাবলীকে পেশ করে।

খারেজিদের মত তারা পাপী রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করাকে ফরজ আইন বল দাবি করে। পাশাপাশি তারা দাবি করেন যে, ইসলামের বিজয় সুনিশ্চিত করতে মুসলিমদের ওপর সবচে বড় ও প্রথম ফরয হলো ইসলামি রাষ্ট্র বা খিলাফত প্রতিষ্ঠা করা। এই ফরয পালন করতে গিয়ে যদি অন্যান্য ফরয ইবাদত বাদ দিতে হয়, তবে তা দিতে হবে।


খারেজিদের পুরনো ছাইভস্ম থেকে নতুন এক দাবানল মুসলিম জাহানে ছড়ানোর প্রকল্প এখন যথেষ্ট গতিমান। এর পেছনে রয়েছে সেই শক্তির পরিকল্পনা, যারা আশা করে মুসলিম জাহানে বিভক্তি ও নৈরাজ্য মহামারির মতো ছড়াক এবং নতুন নতুন সর্বনাশের অগ্নিশিখায় জ্বলে-পুড়ে ছাই হতে থাকুক উম্মাহের ঐক্য ও জাগরণের সম্ভাবনা। যেভাবে শিয়া-সুন্নী দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে তাজা আছে, সেভাবে খারেজী ফেতনাকে জাগাতে পারলে তাদের লাভের কোনো শেষ নেই।



মন্তব্য

ব্লগার: 1
  1. মাশাআল্লাহ, খুবই যুগোপযুগী আলোচনা, আল্লাহ হযরতকে দ্বীনের জন্য কবুল করুন ৷ আমিন ৷

    উত্তরমুছুন

3/random/post-list

ব্লগ পরিচিতি

“ইসলামের আলো” ব্লগে কুরআন-হাদিসের আলোকে ঈমান, ফাযায়েল, মাসায়েল ও ইসলামী ইতিহাসের লেখা প্রকাশ করা হয়। আমাদের ফেসবুক ও ইউটিউবে যুক্ত থাকুন: An-Nafis Zone (ফেসবুক) | An-Nafis Zone (ইউটিউব)।

নাম

আকাবিরদের জীবন ও কর্ম,6,ই'তিকাফ,1,ইতিহাস,17,ইবরাহীম আ:,1,ইসমাঈল আ:,1,ইসলামি জীবন ব্যবস্থা,1,ইসলামী ইতিহাস,2,ইসলামী ঘটনা,1,ঈমান -আকায়েদ,1,কিয়ামত,2,কুরবানী-আকীকা,3,জায়েয -নাজায়েয,2,তালাক,1,ধারাবাহিক জুমার বয়ান,4,নামাজ,3,পবিত্রতা,1,পরকাল,6,প্রবন্ধ,4,ফাতাওয়া,22,ফাযায়েল - মাসায়েল,5,বয়ান,4,বিদয়াত-কুপ্রথা,1,বিবাহ -শাদী,1,বিবিধ,4,বিস্ময়কর ঘটনাবলি,10,ভ্রান্ত মতবাদ,1,মিরাজের ঘটনা,1,মৃত্যু ও আখিরাত,4,যমযম কূপের ইতিহাস,1,যাকাত,1,যে গল্পে ঈমান বাড়ে,1,রোযা,9,হজ ও উমরাহ,1,হজ্জ,1,হিকায়াতে সাহাবা,12,
ltr
item
ইসলামের আলো: ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি:
ইতিহাসে ঘূর্ণিঝড় বইয়ে দেয়া একটি গোষ্ঠীর নাম খারেজি:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV8RcsUZtVOjqnuaWnksZ2rpT5N5kDrq7tuArBKQFuTBbZlVj2lhXcVDLCIYJPAnuybt-hge3rWICKCpjcbUpOLzHN27ix57O75WXmd2xIuyKBMghKTykFarzKrvYU-iFdAUd5ohpR8YAF/s400/PicsArt_08-28-11.23.43.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV8RcsUZtVOjqnuaWnksZ2rpT5N5kDrq7tuArBKQFuTBbZlVj2lhXcVDLCIYJPAnuybt-hge3rWICKCpjcbUpOLzHN27ix57O75WXmd2xIuyKBMghKTykFarzKrvYU-iFdAUd5ohpR8YAF/s72-c/PicsArt_08-28-11.23.43.jpg
ইসলামের আলো
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_28.html
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/
https://islamickolam.blogspot.com/2019/08/blog-post_28.html
true
2611355369920375554
UTF-8
সব পোস্ট দেখানো হয়েছে কোনো পোস্ট পাওয়া যায়নি সব দেখুন আরও পড়ুন উত্তর দিন বাতিল করুন মুছুন লেখক: হোম পেজ পোস্ট সব দেখুন আপনার জন্য পরামর্শ বিভাগ আর্কাইভ খুঁজুন সব পোস্ট আপনার অনুসন্ধানের সঙ্গে মেলে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি হোমে ফিরুন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে এইমাত্র ১ মিনিট আগে $$1$$ মিনিট আগে ১ ঘণ্টা আগে $$1$$ ঘণ্টা আগে গতকাল $$1$$ দিন আগে $$1$$ সপ্তাহ আগে ৫ সপ্তাহের বেশি আগে মেনু ব্লগার মন্তব্য শেয়ার করুন: লেখক: পোস্ট সম্পাদনা সর্বস্বত্ব সংরক্ষিত। ফলোয়ার ফলো করুন THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy