নামাজে অলসতার ভয়াবহ পরিণামঃ আল্লামা ইবনে হাজার মক্কী রাহমাতুল্লাহি আলাইহি তার যাওয়াজির নামক গ্রন্থে উল্লেখ করেন যে, জনৈক মহিলা নামা...
নামাজে অলসতার ভয়াবহ পরিণামঃ
আল্লামা ইবনে হাজার মক্কী রাহমাতুল্লাহি আলাইহি তার যাওয়াজির নামক গ্রন্থে উল্লেখ করেন যে, জনৈক মহিলা নামাজে অলসতা করত এবং মাঝে মাঝে নামাজ কাজা করে দিত ৷ উক্ত মহিলার ইন্তেকাল হলে যথারীতি তাকে কাফন ও জানাযা দেওয়া হয় ৷ অতঃপর তাকে কবরে রাখার জন্য অন্য আরেকজনের সাথে তার ভাইও কবরে নামেন ৷ যখন সে তার বোনকে কবরে রাখার জন্য নিচু হয় তখন তার পকেট থেকে বেশ কিছু টাকা কবরে পড়ে যায় ৷ কিন্তু তাৎক্ষণিকভাবে কেউ তা দেখতে পাইনি ৷ পরে যখন মহিলার ভাই নিশ্চিত হল যে, তার টাকা কবরেই পড়েছে, তখন সে কালবিলম্ব না করে কবর খনন করতে শুরু করল ৷ কবরের মাটি সরানোর পর সে ভীষণ আশ্চর্য হল ৷ দেখল কবরে দাউদাউ করে আগুন জ্বলছে আর তার বোন সেই জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে ৷ এ দৃশ্য দেখা মাত্রই সে মাটি দিয়ে কবর বন্ধ করে ভয়ে আর্তচিৎকার করতে করতে বাড়ি ফিরে এলো ৷
ছেলের গণবিদারী চিৎকার ও ভয়ার্ত চেহারা দেখে মা বলল বেটা! কি হয়েছে তোমার? এমন করছ কেন? তাড়াতাড়ি খুলে বলো ৷ সে বললো আম্মা ! আমি তোমার মেয়ের কবরের মধ্যে জলন্ত আগুন দেখে এসেছি ৷ মা! আমার বোন এমন কি পাপ করেছে যার জন্য তার এই যন্ত্রণাদায়ক শাস্তি হচ্ছে! ছেলের কথা শুনে মায়ের দুচোখে বাধভাঙ্গা জলস্রোতের মতো অশ্রুধারা নেমে এলো ৷ গভীর বেদনা তার সমস্ত হৃদয়কে আচ্ছন্ন করে ফেললো ৷তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, বাবা! আমার জানামতে তোমার বোন বড় কোন গুনাহের কাজ করেনি, তবে এতটুকু বলতে পারি যে, সে মাঝে মাঝে নামাজে অলসতা করত ৷ কাজের ব্যস্ততা কিংবা সামান্য কারণেই সে নামায কাযা করে দিত ৷ আমার মনে হয় নামাজের ব্যাপারে তার এই উদাসীনতার কারণেই আল্লাহ তাআলা তাকে এই কঠিন শাস্তি দিচ্ছেন ৷
প্রিয় পাঠক-পাঠিকা একটু চিন্তা করে দেখুন যে, শুধু অলসতায় নামাজ কাজা করার দরুন এমন শাস্তি; তাহলে যারা একেবারেই নামায পড়েনা তাদের অবস্থা যে কত করুন ও শোচনীয় হবে তাকি সহজেই অনুমান করা যায় না ?
শায়খুল হাদীস হযরত যাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ফাজায়েলে আ'মাল নামক গ্রন্থ নামাজ অধ্যায় লিখেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাযের শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ পাক তাকে 15 প্রকার শাস্তি প্রদান করবেন ৷ তন্মধ্যে পাঁচ প্রকার দুনিয়াতে , তিন প্রকার মৃত্যুর সময়, তিন প্রকার কবরের ভেতর ও তিন প্রকার কবর থেকে পুনরুত্থানের পর ৷
দুনিয়াতে যে পাঁচ প্রকার শাস্তি দেওয়া হবে তা নিম্নরূপ:
১. তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেয়া হবে।
২. তার চেহারা হতে নেক্কার লোকদের নূর মুছে ফেলা হবে।
৩. সে যেকোন নেক আমল করুক আল্লাহ তায়া’লা তাতে কোন ছওয়াব দান করেন না।
৪. তার কোন দো’য়াই কবুল হয়না।
৫. নেককারদের দো’য়ায় তার কোন অংশ থাকে না। অর্থাৎ উক্ত দো’য়ার বরকত হতে বঞ্চিত থাকে।
মৃত্যু কালিন তিন প্রকার শাস্তিঃ
১. অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হবে।
২. ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরন করবে।
৩. চরম তৃষ্ণার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। যদি সমস্ত পৃথিবীর সাগরের পানিও তাকে পান করান হয়, তবুও তার তৃষ্ণা নিবৃত্ত হবেনা।
কবরের তিন প্রকার শাস্তিঃ
১. তার কবর এত সংকীর্ণ করা হবে যে, তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যায়।
২. তার কবরে আগুন জ্বালানো হয়, সে উহার শিখার উপর দিনরাত উলট-পালট অবস্থায় দগ্ধ হতে থাকে।
৩. তার কবরে একটি ভয়ংকর বিষধর অজগর নিয়োগ করা হবে। যার চোখ দু’টি আগুনের এবং নখরগুলি লোহার তৈরী হবে।
এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড় ৷ আওয়াজ এত বিকট যে, তাকে বজ্রের মতোই মনে হবে ৷ সাপটি বলতে থাকবে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন তোমাকে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয়, জোহরের নামাজ নষ্ট করার দরুন আছর পর্যন্ত, আছরের নামায নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত, দংশন করতে থাকি ৷ এভাবে সাপটি তাকে 24 ঘন্টা ধ্বংশন করতে থাকবে
কিয়ামতের তিন প্রকার শাস্তিঃ
১. অত্যন্ত কড়াকড়ি ভাবে বে নামাযীর হিসাব নেয়া হবে।
২. তার উপর আল্লাহর কহরের শাস্তি হবে।
৩. অত্যন্ত অপমানের সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
অপর এক বর্ণনায় এসেছেঃ
কিয়ামতের দিন বে-নামাযীর কপালে তিনটি লাইন লিখা অবস্থায় উঠবে।
“হে আল্লাহর হক বিনষ্ট কারী। হে আল্লাহর গজবের পাত্র। দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ, সে রূপ আজ তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত”।
নওফল ইবনে মুয়াবিয়া রাযিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবকিছুই কেড়ে নেওয়া হল ৷ অর্থাৎ কোন ব্যক্তি যদি সফর থেকে এসে দেখে যে, জালিমরা তার সমুদয় ধন-সম্পদ আত্মসাৎ করেছে এবং পরিবারের সবাইকে বন্দি করে নিয়ে গেছে তখন এ সর্বহারা লোকটি যে দুঃখ -দৈন্যের সম্মুখীন হবে, এক ওয়াত্ত নামাজ নষ্টকারী তদ্রুপ বিপদগ্রস্থ ও ক্ষতির সম্মুখীন হবে ৷
সম্মানিত ভাই ও বোনেরা হাদীসের কিতাবসমূহে বেনামাজির কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে অসংখ্য হাদীছ বর্ণিত হয়েছে ৷ এখানে নমুনাস্বরুপ কয়েকটি হাদীস উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি বেনামাজির শাস্তি সম্পর্কিত একটি বাস্তব ঘটনা উল্লেখ করা হয়েছে ৷ যদি উল্লেখিত হাদীস সমূহ ও ঘটনা পাঠ করে আজ থেকেই আমরা নিয়মিত নামাজ পড়তে শুরু করি তবেই আমরা সফল হতে পারব ৷ আল্লাহ আমাদের তৌফিক দিন ৷ আমিন ৷

মন্তব্য